প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যত নিশ্চিতে সরকার একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ট্রাস্টের মাধ্যমে তাদের আজীবন থাকা ও পরিচর্যার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। বুধবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘৭ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশের সুযোগ করে দিয়ে তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করারও আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের ঘরে বন্দি না রেখে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। প্রতিবন্ধীদের মেধা বিকাশে সুযোগ করে দিতে সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অটিস্টিক, নিওরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট আইন ২০১৩ প্রণয়ন করেছি। এর মাধ্যমে একটা ট্রাষ্ট পরিচালনা করার উদ্যেগ নিয়েছি। যে ট্রাষ্টের মাধ্যমে এ অর্থ সম্পদ সব প্রতিবন্ধী শিশুদের জন্যই ব্যবহার করা হবে। তাদের বাবা মা চিন্তা করেন যদি মা বেঁচে না থাকে তাহলে কে দেখবে? সে জন্য এ ট্রাষ্টের মাধ্যমে আমরা এমনভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই যেনো এ শিশুরা নিরাপদে সেখানে থাকতে পারে।’
তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য সরকার কাজ করছে। কোনো শিশু যেনো অবহেলার শিকার না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের এ শিশুরা যেনো আর কখনো অবহেলার শিকার না হয়, তাদের মেধা বিকাশের সুযোগ ঘটে, তারাও যে আমাদের সমাজের একটা অংশ সেভাবে যেনো তাদেরকে আমরা গড়ে তুলতে পারি, তাদের জীবনটা নিরাপদ এবং নিশ্চিত করতে পারি সেটাই আমাদের লক্ষ্য।’
এর আগে প্রতিবন্ধীদের জন্য জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ও প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রতিবন্ধীদের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য ২০০৮ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো পালন করে আসছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।