পদ্মা সেতু নির্মাণে আর্ন্তজাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রস্তাব জমা দেয়ার সময় আরো ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এতে জুনে মূল সেতুর নির্মাণ কাজ শুরুর কার্যাদেশ দিতে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান ৩ এপ্রিল জমা দেবার জন্য প্রস্তুত ছিল, যা ছিল আর্থিক প্রস্তাব। অন্যান্য দুইটি কম্পানি তারা সময় চেয়েছে আমাদের কাছে। এটা একটি বিশাল প্রজেক্ট কাজেই এখানে এধরনের সময় চাওয়াটা নতুন কিছু নয়। তবে এতে জুনে আমাদের যে কার্যাদেশ আমরা দেবো, সে কার্যাদেশ ওপরে কোনো প্রভাব থাকবে না।’
এ সময় ফিটনেস না থাকায় ও লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১৫টি গাড়িকে জরিমানা করেন মন্ত্রী। এছাড়া, দুর্ঘটনার কারণে বিআরটিসির একজন চালকসহ মোট ২ জন চালককে জেলে পাঠানোর নির্দেশ দেন তিনি।