তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ৭ এপ্রিল দেশব্যাপী ‘দাবি দিবস’ ও ১৭-১৯ এপ্রিল ঢাকা থেকে তিস্তা অভিমুখে ‘তিস্তা মার্চ’ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার রাজধানীর মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এ কর্মসূচির ঘোষণা করেন।
এ সময় অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়ার জন্য শাসকগোষ্ঠীর ‘নতজানু পররাষ্ট্রনীতি’ ও ‘সংকীর্ণ রাজনৈতিক স্বার্থকে’ দায়ী করেন তিনি।
সরকারকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা ও প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা।
সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘ক্ষমতাসীন বা ক্ষমতাবর্হিভূত কোনো বুর্জোয়া বাংলাদেশের এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখেও তারা বিচলিত নয়। এসব প্রকল্প চালু হলে বাংলাদেশের ওপর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে।
তিনি আরো বলেন, ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং প্রয়োজনে আর্ন্তজাতিক ফোরামে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধ্য করতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।’