বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাভুক্ত করার প্রস্তাব করে সংসদে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১৪ উত্থাপন করা হয়েছে। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান আইনের ধারা ৭ এর (১) উপধারার দফা (খ) ও (গ) এ উল্লেখিত বিজ্ঞান এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি মন্ত্রণালয় শব্দগুলোর পরিবর্তে উভয়স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় শব্দগুলো প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়।
একইভাবে বিদ্যমান আইনের ধারা ৮ এর (১) উপধারার (ক) ও (খ) দফায় উল্লেখিত বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় শব্দগুলোর পরিবর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় শব্দগুলো প্রতিস্থাপিত করার প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকগণের মাসিক বেতনের শতকরা ৫০% বৃদ্ধির বিধান করে সুপ্রিম কোর্ট জাজেস (রিম্যুনারেশন এন্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল ২০১৪ সংসদে পাস করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের স্ব স্ব বেতনের শতকরা ৫০ ভাগ বিশেষ ভাতা হিসাবে প্রদানের বিধান করা হয়। সঙ্গে সঙ্গে এ বিধান ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়।