লন্ডনে যৌথ অ্যাকাউন্টে টাকা থাকার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আকতার হোসেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদে তিনি এ স্বীকারোক্তি করেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আহসান আলী।
জিজ্ঞাসাবাদ শেষে আহসান আলী সাংবাদিকদের বলেন, অর্থপাচারের সঙ্গে বিলকিস আকতার হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, ‘সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তারা (বিলকিস আকতার হোসেন) যৌথ অ্যাকাউন্ট ওখানে রয়েছে। আর এ টাকাটা বাংলাদেশে আয় কর নথির হিসেবে পরিচালিত হচ্ছে। আয় কর নথিতে এ পরবর্তি পর্যায়ে দীর্ঘ দিন সে টাকা গোপন রেখেছে। বাংলাদেশ সরকারকে কোনো সময় কোনো কিছু জানায়নি।’
প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় ২০০১ থেকে ১০০৬ সাল পর্যন্ত ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা লন্ডনে পাচারের অভিযোগে ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ বছরের ৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় বর্তমানে কারাগারে আছেন খন্দকার মোশাররফ।
লন্ডনের যৌথ অ্যাকাউন্টটিতে নাম থাকায় মঙ্গলবার খন্দকার মোশারফের হোসেনের স্ত্রী বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।