ভারতের কাছ থেকে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রাজধানী থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ রোর্ডমার্চের যাত্রা শুরু হয়।
যাত্রা শুরু আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বাম মোর্চার নেতারা বলেন, ১০ এপ্রিল নীলফামারীর জলঢাকা হয়ে তিস্তা ব্যারেজে গিয়ে শেষ হবে এ রোডমার্চ। পানির ন্যায্য হিস্যা দাবির পাশাপাশি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য তাদের এ রোডমার্চ কর্মসূচি।
বাম মোর্চার নেতা জুনায়েদ সাকি বলেন, ‘আমরা এ রোর্ড মার্চ করছি কেবল মাত্র আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য নয়, আমাদের জাতীয় মর্যাদা, আমাদের জাতীয় সার্বভৌমত্ত্ব মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এ বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব তাকে রক্ষা করার জন্য।’
এ সময় রোডমার্চ যাওয়ার পথে পথে সমাবেশ, মিছিল, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও জানান বাম মোর্চার নেতারা।