গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের অগণতান্ত্রিক ও একতরফা সিদ্ধান্তের কারণে মঞ্চের সংগঠকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ইমরান এইচ সরকার সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগকে ভিত্তিহীন এবং গণজাগরণকে বিতর্কিত করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার গণজাগরণ মঞ্চের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচটি বাম ছাত্র সংগঠন এ অভিযোগ করেছে।
এসময় তারা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলেছেন।
এ সময় বাপ্পাদিত্য বসু বলেন, গণজাগরণ মঞ্চের মধ্য থেকে কেউ ঊচ্চাভিলাষী স্বপ্ন দেখেন তা হবে জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
গত ৩ এপ্রিলের ঘটনার জন্য ইমরানকে দায়ী করে তারা তার আচরণ সংশোধনের আহ্বান জানান।
গণজাগরণ মঞ্চকে রক্ষা করতে বিবাদমান দুই পক্ষ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে নিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন তারা।
এদিকে, দুপুরে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এ অভিযোগের জবাব দেন ইমরান।
তিনি বলেন, গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করতেই এসব করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করতে সরকার জামাতের সঙ্গে সমঝোতা করছে কি-না এমন আশঙ্কাও করেন তিনি। আইন করে জামাতের রাজনীতি বন্ধ ও যুদ্ধাপরাধ বিচারের রায় কার্যকরের দাবি জানান তিনি।