বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনা যতো কঠিনই হোক ওই দেশটির কথামতো বাংলাদেশ কোনো অবস্থাতেই আইন পরিবর্তন করবে না—এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার আইন মন্ত্রণালয়ে বিদেশে অবস্থানরত বাংলাদেশি আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পুনর্গঠিত টাস্কফোর্সের অনুষ্ঠিত প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সভা শেষে আইনমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনা সহজ নয়। তবে কানাডার কথামতো বাংলাদেশ তার আইন পরিবর্তন করবে না।
সভায় বিদেশে অবস্থানরত অন্যান্য মামলার আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হলেও সেবিষয়ে কিছুই জানাননি আইনমন্ত্রী।
কানাডায় বসবাসরত বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে কানাডা সরকার আগেই জানিয়েছে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থানই এর কারণ হিসেবে দেখিয়েছে দেশটি। সবশেষে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে নূর চৌধুরীর পাসপোর্ট জব্দ করেছে কানাডা সরকার।