বেকারত্বের সমস্যা দূর এবং আন্তর্জাতিক শ্রম চাহিদা পূরণের জন্য দেশের বিশাল যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) ৩য় বৈঠকে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যুব শক্তি বিশ্বের বিপুল শ্রমের চাহিদা পূরণে সক্ষম। তারা দক্ষ জনশক্তি হিসাবে গড়ে উঠলে দেশের বেকারত্ব সমস্যা সমাধানের পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহের গতি।’
তিনি আরো বলেন, তখন দেশের জনসংখ্যা অভিশাপ হিসাবে নয়, আশীর্বাদে পরিণত হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকেও জড়িত করার নিদের্শ দেন।
সভায় দক্ষ শ্রমিকের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য এ সভায় দেশের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়নের খসড়া কর্মপরিকল্পনা (ফেস-১) অনুমোদন করা হয়েছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১ এর আলোকে প্রণীত এ্যাকশন-প্ল্যান (ফেজ-১) ২০১৪ ও ২০১৫ সালে বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী এ্যাকশন প্ল্যান ফেজ-১-এ আইটিসহ হাঁস-মুরগী পালন ও কৃষি ভিত্তিক শিল্পের মত কৃষি সম্পর্কিত কর্মসূচী যুক্ত করার পরামর্শ দেন।
এ্যাকশন প্ল্যান ফেজ-১-এর উপাদানসমূহের মধ্যে রয়েছে: জাতীয়ভাবে স্বীকৃত যোগ্যতা, সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন, প্রশিক্ষণ কর্মসূচী ও প্রশিক্ষণদাতার মান নিশ্চিত করা, দক্ষতা উন্নয়নে শিল্পখাতের জোরদার ভূমিকা, শ্রম বাজারের তথ্য-উপাত্ত যথাযথভাবে পরিকল্পনা ও পরীবিক্ষণের জন্য দক্ষতা, উপযুক্ত ও প্রত্যয়কৃত শিক্ষক ও প্রশিক্ষক, কার্যকর ও নমনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, জোরদার শিক্ষানবীশ ব্যবস্থা, অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ সুযোগ, বেসরকারি প্রশিক্ষণ ব্যবস্থা, শিল্প কারখানায় প্রশিক্ষণ ও কর্মীদের উন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন।
সভায় কাউন্সিলের আগের বৈঠকে নেয়া সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এতে যোগ দেন।
অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস