পহেলা বৈশাখ নির্বিঘ্নে পালনের জন্য পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা—ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে রাজধানী ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও পরামর্শ প্রদান আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষের ভিড় ও নিরাপত্তার কারণে বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে এবং যানবাহন পার্কিংয়ের জন্য স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। বাঙালির বর্ষবরণ উৎসব আয়োজনের কেন্দ্রবিন্দু রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনিন্সটিটিউট, ধানমণ্ডির রবীন্দ্রসরোবরসহ আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
উৎসব-আয়োজনের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে ডিএমপি কমিশনার আরো বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পয়লা বৈশাখের ভোর থেকেই রমনা, মৎস্য ভবন, দোয়েল চত্বর, এলিফ্যান্ট রোড ও শেরাটনের সামনের রাস্তায় ২২টি ব্যারিকেডের মাধ্যমে যান চালাচল বন্ধ থাকবে। পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা। আর অনুষ্ঠান স্থলে ঢুকতে নির্ধারিত গেট ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া, নিরাপত্তার স্বার্থে বিকাল ৬টার মধ্যে অনুষ্ঠান স্থল ত্যাগ করার জন্য আহ্বান জানানো হয়।