পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে রমনার বটমূলসহ দেশেজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, কোনো সন্ত্রাসী তৎপরতার আশঙ্কা না থাকলেও অতীতের কথা মাথায় রেখে সর্বাত্মক প্রস্তুতি থাকছে আইনশৃঙ্খলা বাহিনী। ২০০১ সালের ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গি হামলার কথা মাথায় নিয়েই সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে উৎসব-আয়োজনের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় আরো জানানো হয়, পয়লা বৈশাখের ভোর থেকেই রমনা, মৎস্য ভবন, দোয়েল চত্বর, এলিফ্যান্ট রোড ও শেরাটনের সামনের রাস্তায় ২২টি ব্যারিকেডের মাধ্যমে যান চালাচল বন্ধ থাকবে। আর নিরাপত্তার স্বার্থে বিকেল ৬টার মধ্যে বর্ষবরণের উন্মুক্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করার অনুরোধ জানানো হয়।
এদিকে, ১৪২১ বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূল এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা। চিরায়ত বাংলার ঐতিহ্য, বাংলার প্রাণের মেলায় লাখ মানুষের আগমনকে ঘিরে, উৎযাপন এলাকা ছাড়াও রাজধানী জুড়েই রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সবগুলো শাখার কঠোর নজরদারী।