যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন চলছে সেখান থেকে গণজাগরণ মঞ্চের কর্মীদের সরানো যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার। আর রাজনৈতিক দল করার কথা বলায় গণজাগরণ মঞ্চ দুই ভাগে বিভক্ত বলে জানান মঞ্চের আরেক অংশের মুখপাত্র কামাল পাশা।
শুক্রবার রাজধানীর শাহবাগে পাল্টাপাল্টি সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চের দুই গ্রুপ। এ সময় গণজাগরণ মঞ্চের ৬ দফা দাবি আদায় ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশও করেছে তারা।
এসময় ইমরান এইচ সরকার বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার দীর্ঘায়িত করার চেষ্টা করছে। যুদ্ধাপরাধের অভিযোগে সাঈদীর সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, গণজাগরণ মঞ্চের আরেক অংশের কর্মী শিশিরের ওপর হামলাকারীদের বিচার ও কয়েকজন কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন কামাল পাশা। এসময় তিনি বলেন, সরকারের সঙ্গে গণজাগরণ মঞ্চের সমস্যা তৈরি করে একটি মহল চাইছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে।