গার্মেন্টস কর্মকর্তা আবু বকরের অপহরণকারীদের বিষয়ে এখনো অন্ধকারে রয়েছে পুলিশ—তবে কারা কি কারণে তাকে অপহরণ করেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের-ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। উদ্ধারের পর শনিবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, সিদ্দিকের অপহরণের বিষয়ে কিছু প্রভাবশালী প্রতিষ্ঠানের সম্ভাব্য সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে।
অপহরণের ৩৫ ঘণ্টার মাথায় নাটকীয়ভাবে উদ্ধার হন পরিবেশবাদি আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। তবে তদন্তের অগ্রগতির ব্যাপারে সুর্নিদিষ্টভাবে কোনো তথ্য এখনও জানাতে পারেনি তদন্ত সংস্থা। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয় সম্ভাব্য সব বিষয় মাথায় নিয়ে কাজ করছেন তারা।
শুক্রবার সংবাদ সম্মেলন করে রিজওয়ানা তার পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার কথা বললেও গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে তারা।
অপহরণের পর রিজওয়ানা গণমাধ্যমে দাবি করেন পরিবেশ নিয়ে কাজ করায় প্রভাবশালী বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষুব্ধ হয়ে এধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সে প্রতিষ্ঠানগুলোকে তদন্তের আওতায় আনা হবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মনির জানান, সব বিষয়কেই মাথায় রেখে তদন্ত করছেন তারা।