সরকারের প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের কার্যক্রম তরান্বিত করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
তিনি বলেন, প্রয়োজনীয় জনবলের অভাবে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হচ্ছে। এ জন্য বিলম্বের কারণ চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া তরান্বিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে দুটি সামরিক শাসনামলে জারিকৃত সাড়ে ৫০০ অধ্যাদেশ বাতিল করা হয়। পরে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী যেসব আইনের প্রয়োজনীয়তা আছে তা পরিমার্জন সংশোধন করে বাংলা করার প্রক্রিয়া চলছে।
১১টি মন্ত্রণালয় থেকে ১৬টি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব বিভিন্ন সময় মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েছে। এরমধ্যে ১১টিই আইনে পরিণত হয়েছে বলেও জানান তিনি।