রানা প্লাজা ট্র্যাজেডির পর তৈরি পোশাক শিল্পখাতের নাজুক পরিস্থিতি মোকাবেলায় সুশাসনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে— জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)।
সোমবার রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাকখাতের সুশাসন চ্যালেঞ্জ ‘প্রতিশ্রুতি ও অগ্রগতি’ শীর্ষক ফলোআপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ খাতে যৌথভাবে ভূমিকা রেখেছে সরকার, পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ), কারখানা মালিক ও ক্রেতাসহ বিভিন্ন সংস্থা।
সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, তৈরি পোশাক শিল্পখাতের মৌলিক পরিবর্তনে জন্য শ্রমিকদের স্বার্থের বিষয়ে যথাযথ সমন্বয় জরুরি।
তৈরি পোশাক শিল্পখাতে উন্নয়নে যে প্রচেষ্টার দরকার ছিল সকলের যৌথ প্রচেষ্টায় তা অনেকটাই অর্জন সম্ভব হয়েছে—এ কথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ খাতের মৌলিক পরিবর্তনের জন্য সুশাসনের এ অগ্রগতি অব্যাহত রাখা দরকার।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে বহু শ্রমিকের প্রাণহানির ঘটনায় দেশের তৈরি পোশাক শিল্প খাতে নাজুক পরিস্থিতি তৈরি হয়। প্রশ্ন উঠে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কারখানার মালিকদের ভূমিকা নিয়ে। পরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ও আন্তর্জাতিক নেতিবাচক প্রভাবে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রের বাজারে আগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি)।