রাজধানীর মিটফোর্ড হাসপাতালে একুশে টেলিভিশনের কর্তব্যরত সাংবাদিকদের ওপর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর ইন্টার্নি ডাক্তারদের হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, যারা দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর করেছে তাদের কোনো ভাবেই ডাক্তার বলা যায় না এবং তাদের কাছে জাতি ভবিষ্যতে কোন সেবা আশা করতে পারে না।
হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। বিবৃতিতে তারা আরো বলেন, রাজশাহীতে কর্মরত যমুনা টেলিভিশনের ক্যামেরা সাংবাদিক রাসেল মাহমুদ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নেতৃবন্দ বলেন, শনিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্নি ডাক্তারদের হামলার শিকার হয়েছেন একুশে টিভির সাংবাদিকরা যা খুবই দু:খজনক।
বিবৃতিতে তারা আরো বলেন, রাজশাহীতে রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত একজন রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগে তার আত্মীয়ের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকদের হাতাহাতি হয়। এর জের ধরে সেখানে থাকা অন্য রোগীর অভিভাবকদের সঙ্গেও চিকিৎকদের হাতাহাতি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে ইন্টার্নি ডাক্তাররা তাদের ওপর হামলা চালায় এবং টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করে।