স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ইন্টার্ন চিকিত্সকেরা মঙ্গলবার সকাল থেকেই মিছিল ও কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি করেছেন। এর ফলে রোগীদের চিকিত্সাসেবা ধীরগতিতে সম্পন্ন হচ্ছে।
মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. আবু ইউসুফ দেশ টিভিকে বলেন, সকাল থেকে ২৫৪ জন সরকারি চিকিত্সক হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজ করছেন। তবে এখনো ইন্টার্ন চিকিত্সকেরা কোনো বিভাগে কাজে যোগ দেননি।
এর আগে গত ১৯ এপ্রিল হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় একুশে টিভি ও এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধর করা হয়। এ খবর পেয়ে একুশে টিভি থেকে আরও দুই রিপোর্টার ও ক্যামেরাম্যান ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয় এবং সঙ্গে থাকা মুঠোফোন ও ক্যামেরা ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে হাসপাতালের পরিচালক ও ৪ জন ইন্টার্ন চিকিত্সকের বিরুদ্ধে রোববার ইটিভির পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন।
আসামিরা হলেন: হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ইন্টার্ন চিকিত্সক শাহিন, শাওন, শোয়েব ও নাইম। এছাড়াও, অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী পুলিশের গোয়েন্দা শাখাকে ঘটনার তদন্ত করে ১১ মে প্রতিবেদন দাখিল করতে বলেন।