যারা ডাক্তার, তাদের হাতে কখনোই লাঠি থাকতে পারেনা— উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেন, যাদের হাতে লাঠি থাকে তারা ডাক্তার নয় তারা সন্ত্রাসী।
মঙ্গলবার রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউশনে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের আয়োজিত সভায় সাংবাদিকের তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘কেনো আমরা এ ছবি দেখবো ডাক্তার রোগী মারামরি করছে? কেনো এ চিত্র আমি দেখবো একজন পুলিশ কর্মকর্তা উসকানি দিয়ে একজন ডাক্তারকে মারার ব্যবস্থা করছে? কেনো একজন আত্মীয় সে তার রোগীর জন্য মারা গেছে, কী মারা যায় নি? তার জন্য ডাক্তারের গায়ে হাত দেবে? ইর্ন্টান যারা কেবল পাস করেছে, যারা কেবল এক বছর পর বা ২ বছরের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন তার হাতে লাঠি, এটা কিভাবে সম্ভব? এরা কোন সমাজ থেকে এসেছে? ’
চিকিৎসা প্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না—উল্লেখ করে তিনি বলেন, যারা এ ধরনের অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, ‘স্বাস্থসেবা ক্ষেত্রে, শিক্ষার প্রশ্নে, দায়িত্ব বিবেচনার প্রশ্নে কোনো দলাদলি রাজনৈতিক থাকা উচিৎ নয়। দলাদলি হবে, মারামারি হবে, রক্তারক্তি হবে আমি তা চাই না।’
এর আগে সাম্প্রতি দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ও চিকিৎসকদের নিয়ে সচিবালয়ে এক রুদ্ধদার বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।