রানা প্লাজা ধসের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু উদ্যোগ নেয়া হলেও তাদের পুনর্বাসনে নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কোনো কাজ হয়নি। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ রানা প্লাজা ট্র্যাজেডির এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
সমন্বয়হীনতা এর প্রধান কারণ—এ কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সরকারি পর্যায়ে উচ্চ কমিটি গঠন ও আদালতের মাধ্যমে একটি দিক-নির্দেশনা দেয়া হলে এ সমস্যা সমাধান সম্ভব।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর হতাহত ও নিখোঁজদের সংখ্যা নিয়ে সর্বমহলেসংশয় ছিল— তাই আলোচনার শুরুতেই সেই সংশয় দূর করার চেষ্টা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
তবে ওই ট্র্যাজেডির শিকার শ্রমিকদের কণ্ঠের আকুলতা আর চোখের পানি বলে অন্য কথা।
শ্রমিকদের এ অবস্থার কারণ হিসেবে সরকারি-বেসরকারি সংগঠনগুলোর সমন্বয়হীনতা, সেইসঙ্গে আদালতের নির্দেশনা না মানাসহ বেশ কিছু বিষয় উঠে আসে রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে সিপিডির এ গবেষণা প্রতিবেদনে।
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পাশাপাশি সংসদে এ বিষয় নিয়ে আলোচনার ওপর জোর দেন আলোচকরা।
এ সময় ২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা দিবস ঘেষণার সুপারিশ করেন বক্তারা।