রানা প্লাজা ধসের ঘটনার পর বাংলাদেশের সম্ভাবনাময় পোশাক শিল্প সম্পর্কে বিশ্ববাসীরা সচেতন হয়ে উঠেছে। তবে এ ঘটনার পর বাংলাদেশ পোশাক শিল্পকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এ ব্যাপারে চট্টগ্রামের জাহাজ তৈরির কারখানা ওয়েস্টার্ন মেরিনের উদাহরণ দিয়েছে নিউইয়র্ক টাইমস।
রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা, শ্রম ও নাগরিক অধিকার সংগঠক, ভোক্তা ও পোশাক বিক্রেতারা এসব অভিমত প্রকাশ করেছেন। তাই নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য গ্র্যান্ড ম্যাং বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের সদস্য গ্র্যাস ম্যাং গত বৃহস্পতিবার রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে এক সভায় সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যালায়েন্স, নিউইয়র্ক সিটি লেবার কাউন্সিলসহ প্রভাবশালী শ্রমিক ও নাগরিক অধিকার সংগঠনগুলো যোগ দেয়।
যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদমাধ্যমে রানা প্লাজা ট্র্যাজেডির খবর প্রকাশিত হয়েছে। ‘দ্য নিউইয়র্ক টাইমস’ পত্রিকার অভিমত কলামে লিখেছে, পোশাকশিল্পকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশের সামনে এখন সুযোগ সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামের জাহাজ তৈরির কারখানা ওয়েস্টার্ন মেরিনের উদাহরণ দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, একসময় ওয়েস্টার্ন মেরিনে কর্মকালীন মাত্রাতিরিক্ত দুর্ঘটনা ঘটত, কিন্তু পরে সঠিক পদক্ষেপ নেয়ায় বিশ্বের অন্যতম নিরাপত্তামূলক কর্মপরিবেশের স্বীকৃতি পেয়েছে ওয়েস্টার্র মেরিন।
ওই প্রতিবেদনে তৈরি পোশাক কারখানায়ও বাংলাদেশ এমন অগ্রগতি দেখাতে পারবে বলে আশা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ, সচেতনতা বৃদ্ধি, আইনের সঠিক প্রয়োগকে সমন্বয় করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে বলে অভিমত প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তর খুচরা বিক্রেতা সিয়ার্স এবং ওয়ালমার্ট ঘুরে দেখা গেল রানা প্লাজার দুর্ঘটনার পর ক্রেতা-বিক্রেতারা এখন অনেকটাই সচেতন।
নিউ জার্সির সিয়ার্সে কর্মরত ব্যবস্থাপক ব্রায়ান উইলিয়াম বলেন, স্বল্পমূল্যে পোশাক কিনতে ক্রেতারা সব সময়ই আগ্রহী। রানা প্লাজার ঘটনার পর তারা পণ্য উত্পাদনের উত্স নিয়ে সচেতন। রানা প্লাজার ব্যাপক প্রাণহানি পশ্চিমা ক্রেতাদের চোখ খুলে দিয়েছে।
ওয়ালমার্টের ব্যবস্থাপনা কর্মী টনি এন্টাসিও বলেন, সংবাদমাধ্যমে দেখেছেন পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশের দ্রুত উন্নতি হচ্ছে। পোশাকশিল্পে বাংলাদেশ একদিন সারা বিশ্বে সেরা ব্র্যান্ডে পরিণত হবে।
তিনি আরো বলেন, পোশাকশিল্পে উন্নতির শিখরে পৌঁছালেও রানা প্লাজায় শ্রমিকদের আত্মাহুতির কথা মনে থাকবে মানুষের।