নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় বিএনপি জড়িত থাকার সন্দেহ অমূলক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের সাতখুনের ঘটনায় কোনো ছাড় নয়, এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাদের কঠিন শাস্তি পেতে হবে —এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, অতি শিগগিরই এ ঘটনার সত্য উদঘাটিত হবে।
শিল্পমন্ত্রী বলেন, যারা ২০০১ এর নির্বাচনের পর দেশজুড়ে সন্ত্রাস চালিয়েছিল এখন তারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে মানুষ তা বিশ্বাস করবে না। নারায়ণগঞ্জের এ ঘটনায় বিএনপির জড়িত থাকা অমূলক নয়।
বিএনপি দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায়—উল্লেখ করে আমু বলেন, নাশকতার মাধ্যমে সরকারের বিরোধিতা না করে গণতান্ত্রিক পদ্ধতিতে সমালোচনা করুন।