নারায়ণগঞ্জে সাত জন অপহরণ ও খুনের ঘটনায় র্যাবের কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই বাঁচানোর চেষ্টা করা হবে না বলে সংসদীয় কমিটিকে প্রতিশ্রুতি দিয়েছে র্যাব।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে র্যা বের মহাপরিচালকের মোখলেছুর রহমানের দেয়া এ প্রতিশ্রুতির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি টিপু মুন্সী।
নারায়ণগঞ্জের ঘটনাসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যরা উদ্বিগ্ন ও বিব্রত বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নারায়ণগঞ্জসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকের পর সাংবাদিকদের কাছে দেশের আইন-শৃঙ্খলা নিয়ে কমিটির উদ্বেগ সম্পর্কে অবগত করেন কমিটির সভাপতি টিপু মুন্সী।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় নিহত নজরুল ইসলামের শ্বশুরের ভাষ্য অনুযায়ী র্যাব-১১ এর সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে র্যাবের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর মহাপরিচালক।
বৈঠকে র্যাব প্রধান জানিয়েছেন, ওই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
এ সময় টিপু মুন্সী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধ করলে শাস্তি আরো বেশি হওয়া উচিত।
নারায়ণগঞ্জে সাত জন অপহরণ ও খুনের ঘটনাসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আগামী ১৫ দিনের মধ্যে আবারও বৈঠকে বসবে।