নারায়ণগঞ্জে সাত হত্যা মামলার মূল আসামি নূর হোসেনের কাঁচপুরের বালু মহালে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। এদিকে, বুধবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কালোব্যাজ ধারণ করে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
গতকাল সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে নূর হোসেন ও তার ভাই এবং সহযোগিসহ কয়েকজনের বালুমহালে উচ্ছেদ অভিযান চলে। আবারো সকাল থেকে অভিযানে নামে বিআইডাব্লিউটিএ। এ অভিযানে নদীর তলদেশে ভরাট করা মাটি অপসারণ করা হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যার পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মৃতদেহ পাওয়া যায়।