বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত ডা. সাঈদ বিন হাজার আল শিহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ বলেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি ইউএই বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করবে।’
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের সঙ্গে আমরা যোগাযোগ বাড়াতে চাই।
জবাবে ইউএই রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তার দেশের সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ডা. সাঈদ ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ইউএই সফরের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি ইউএই সফরে যাবেন।
অ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন।
এদিকে, বিদায়ী সাক্ষাত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বেলজিয়ামের রাষ্ট্রদূত পিয়েরে ভাইসিন। এসময় বাংলাদেশে কর্মরত অবস্থায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বেলজিয়ান রাষ্ট্রদূত।
বেলজিয়ামের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা তুলে ধরে ভবিষ্যতে তা আরো জোরদার হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।