বিলুপ্তি নয় বরং র্যাবের জবাবদিহিতা বাড়ানোর কথা জানান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
এসময় নারায়নগঞ্জের সাতখুনের ঘটনা নিয়ে বিএনপি ও সুশীল সমাজকে রাজনীতি না করতে আহ্বান জানান তিনি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় যেই জড়িত থাকুক না কেন এর দায় দল বা সরকার নেবে না।
আওয়ামী লীগ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠন করেনি— উল্লেখ করে র্যাবের জবাবদিহিতা বাড়ানোর কথা বলেন তিনি।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, কেউ রেহাই পাবে না।
এ সময় খাদ্যমন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না বিএনপির।
জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের ভূমিকাকে গৌরবোজ্জ্বল এ কথা জানিয়ে তিনি বলেন, র্যাব বিলুপ্ত করা হবে না।