নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ ও খুনের ঘটনার দায় নিয়ে সাংসদ শামীম ওসমান ও সরকারকে জনগণের কাছে এর স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। শুক্রবার অপহরণ-গুম-খুনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে অয়োজিত প্রতিবাদ-সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধিরা এ কথা বলেন।
সেইসঙ্গে ওই খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এবং অবসরে পাঠানো র্যাব-১১ এর তিন কর্মকর্তাসহ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে, জবাবদিহিতার আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা।
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় স্থানীয় সাংসদ শামীম ওসমানকে গ্রেপ্তার না করে তাকে বহাল তবিয়তে থাকতে দেয়া হচ্ছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন।
র্যাবের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে খুনি ও লুটেরাদের নিজস্ব বাহিনীতে পরিণত করছে সরকার বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। আর নারায়ণগঞ্জসহ এ যাবতকালের প্রতিটি গুম-খুন-অপহরণ-লুটপাটের ঘটনায় এ পর্যন্ত প্রতিটি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী-প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিও তোলেন তারা।
এসবের পাশাপাশি, গুম-খুন-অপহরণ-লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে সবার প্রতি আহ্বান জানানো হয়।