বিদেশে অর্থ পাচারের কারণে দেশে বিনিয়োগ বাড়ছে না বলে মন্তব্য করে এজন্য রাজনৈতিক অস্থিরতাকেও দায়ী করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সকালে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
আগামী অর্থ-বছরের বাজেটকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার অংশ হিসেবে সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
আলোচনায় দেশে বিনিয়োগ বাড়ানো, অর্থপাচার বন্ধ, মূল্যস্ফীতি কমিয়ে আনা সব চাকরিজীবীদের পেনশনের আওতায় নিয়ে আসা, রাজস্ব আদায়ে দীর্ঘ পরিকল্পনাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় অর্থমন্ত্রীর কাছে।
বিনিয়যয়োগ কমে যাওয়ার পেছনে অর্থপাচারকে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন— পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে ব্যবসায়ীদের আস্থাহীনতা ও নিরাপত্তার অভাবের কথা তুলে ধরেন তিনি।
এবার বাজেটে কালো টাকা সাদা করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারও এ সুযোগ থাকছে তবে বৈধপথে আয়ের অপ্রদর্শিত অর্থের জরিমানার বিধান বহাল থাকবে।
বরাবরের মতো এবারের বাজেটেও বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, কৃষি, মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।