রাজধানীর উত্তরা ও কামরাঙ্গীরচর এলাকায় ২২ হাজার ফ্ল্যাট নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে করা সমঝোতা স্মারক বাতিল করে এ কাজটি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (রিহ্যাব) দেয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। একইসঙ্গে ২২ হাজার ফ্ল্যাটের কাজ চায় রিহ্যাব।
রোববার পূর্ত মন্ত্রণালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তারা।
মোশাররফ হোসেন বলেন, রাজউকের পূর্বাঞ্চল প্রকল্পে ফ্ল্যাট তৈরির কাজের দরপত্রে অংশ নিয়ে রিহ্যাব এ কাজটি পেতে পারে।
উল্লেখ্য, উত্তরা ও কামরাঙ্গীরচরে ২২ হাজার ফ্ল্যাট ও রাজধানী থেকে কেরানীগঞ্জ পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণে গত ২৯ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মালয়েশিয়া সরকারের বিশেষ দূত উতামা এস সামি ভেলু এতে সই করেন।
বৈঠকে রিহ্যাব নেতারা রাজউক থেকে নকশা অনুমোদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেয়াসহ তাদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন।
এসময় রিহ্যাব নেতাদের সমস্যাগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উত্থাপন করার আশ্বাস দেন মন্ত্রী।