মা.। শাশ্বত, চিরন্তন, মধুরতম এ কথাটির আরেক নাম স্নেহ-মমতা আর ভালোবাসার এক অনিঃশেষ ফল্গুধারা। আজীবন নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আত্মত্যাগেই যার আনন্দ। জীবনের চরম সঙ্কটে, হতাশায় দিকভ্রান্ত সন্তানের কাছে আলোকবর্তিকা হয়ে দাঁড়ান 'মা'। পরম মমতায় ভালোবাসায় ভুলিয়ে দিতে চান সকল দুঃখ-বেদনা। রোববার বিশ্ব মা দিবসে নানা আয়োজনে সকল মাকে জানানো হয়েছে শ্রদ্ধা-ভালোবাসা।
গর্ভধারণ থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সন্তানকে তিলে তিলে গড়ে তোলেন একজন মা। মুখের বোল ফোটানো, হাত ধরে চলতে শেখানো, জগৎ সংসারটাকেই মায়ের চোখে দেখতে শেখে সন্তানরা।
মানবজীবনে পারস্পরিক সম্পর্কের মধ্যে সবচেয়ে নিবিড় মা-সন্তানের সম্পর্ক। জীবনের চরম সঙ্কটের মুহুর্তে সন্তানের কাছে পরম আশ্রয় মমতাময়ী মা।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালন করা হয়। রাজধানীর একটি হোটেলে আজাদ প্রোডাক্টসের পক্ষ থেকে ৩৬ জন মাকে রত্নগর্ভা সম্মাননা দেয়া হয়।
আর কৃতিত্ব নয়, সন্তানের প্রতি ভালোবাসা আর নিজেদের দায়িত্ব-কর্তব্যের কথাই তুলে ধরলেন সম্মাননা পাওয়া মায়েরা।
মা দিবস উপলক্ষে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। উন্নত তথ্য-প্রযুক্তির বিশ্বে আর কোনো মাকে যেন সন্তান জন্মদানের সময় মৃত্যুবরণ না করতে হয় এই মা দিবসে এই প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে বেসরকারী সংস্থা ডর্প ও দৈনিক ইত্তেফাকের আয়োজনে আলোচনা সভায়, আসন্ন বাজেটে দরিদ্র মায়েদের জন্য বিশেষ বরাদ্দ বাড়ানোর আহবান জানান বিশিষ্টজনেরা।