সামরিক ও সাম্প্রদায়িক হস্তক্ষেপে প্রাথমিক শিক্ষায় বহুকরন করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে প্রাথমিক শিক্ষাকে এক ধারায় নিয়ে আসতে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, বাংলাদেশে যে পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা চলছে তার সঙ্গে সংবিধানের সামঞ্জস্য নেই। শিক্ষার নামে ধর্মকে ব্যবহার করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রদায়িক নীতিতে চলতে পারে না।
কিছু শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গি প্রশিক্ষণও দিচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, অতীতের সামরিক ও সাম্প্রদায়িক শক্তির কারণে প্রাথমিক শিক্ষা বহুমুখি পদ্ধতিতে চলে গেছে।
এ সময় সংবিধানের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা হবে গণমূখী ও অবৈতনিক। এক্ষেত্রে সরকারকে উদ্যোগী ও কঠোর হতে হবে।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয় তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান হাসানুল হক ইনু।