বুড়িগঙ্গাকে রক্ষার জন্য নৌপরিবহন, পানিসম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানাবিধ সমস্যা নিরসনে মাস্টার প্ল্যান করে এগুতে হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার প্রথমবারের মতো সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এসব নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় দেশের নদীগুলোর গুরুত্বের কথা তুলে ধরেন। এ সময় রাজধানীর বহু খাল নষ্ট হয়ে গেলেও এখনো যে কয়েকটি রয়েছে তা ধরে রাখারও আহ্বান জানান তিনি।
শিল্প বর্জ্য থেকে বুড়িগঙ্গা নদীকে রক্ষায় নৌ, পানি ও পরিবেশ মন্ত্রণালয়কে যৌথ প্রকল্পগ্রহণ ও তা বাস্তবায়নেরও নির্দেশ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার হলেও আর্ন্তজাতিক জলবায়ু সম্মেলনে বরাদ্দ অর্থের সবটুকু পায়নি বাংলাদেশ। এক্ষেত্রে সরকার নিজস্ব অর্থায়নে এ সমস্যা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা পেতে বনভূমি রক্ষা, সমুদ্রসীমার যথাযথ ব্যবহার ও অবহেলিত নৌপথগুলোকে আবারো পুরোদমে সচল করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।