কারো কাছে মাথা নত না করে বিশ্বদরবারে মাথা উঁচু করে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও জনগণের কল্যাণে আত্মবিশ্বাসী হয়ে সততার সঙ্গে কাজ করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। শনিবার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাতির জনকের কন্যা হিসেবে দেশের মানুষের মুখে হাসি ফুটানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি আর পেয়েছি আমার সংগঠন আওয়ামী লীগের অগনিত নেতাকর্মী তাদের এবং বঙ্গবন্ধুর সৈনিক তদের। আরো পেয়েছি তাদের সাহস ও সহযোগিতা।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।
পরে সেখানে প্রধানমন্ত্রীর নানা সাফল্য কথা তুলে ধরে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বানও জানান উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে ঐক্যের প্রতীক কারণ বঙ্গবন্ধুর রক্ত তার ধমনীতে প্রবাহিত। সেই শেখ হাসিনা সব কিছু ছেড়ে দিয়ে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন।’
পরে সেখানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিজেপি ক্ষমতায় আসায় দুই দেশের সম্পর্ক পরিবর্তন হবে না।