দশম সংসদে দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ৩ জুন আর এ অধিবেশনেই আগামী অর্থবছরের বাজেট পাস হবে—জানিয়েছে সংসদ সচিবালয়।
আগামী ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করতে পারেন।
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর এর ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। ওই মাসের শেষ দিকে বাজেট পাস হবে।
রোববার সংসদ সচিবালয় এক নোটিশে জানিয়েছে, রাষ্ট্রপতি মো আবদুল হামিদ ৩ জুন বিকেল ৫টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
এ বছরের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপি বিহীন দশম জাতীয় সংসদ। গত ১০ এপ্রিল এর প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। এতে আগামী ৫ বছরের অথনৈতিক পরিকল্পনার দিক-নির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।
নতুন বিরোধীদল জাতীয় পার্টি থাকছে এ বাজেট অধিবেশনে।