সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহিঃবিভাগের সামনে ইন্টার্ন নার্সরা বিক্ষোভ করছে।
ঢামেক বহিঃবিভাগের সামনে অবস্থান নিয়ে পাঁচ শতাধিক ইন্টার্ন নার্স সদস্যরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ঢামেক বহিঃবিভাগের সামনে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দিতে থাকে।
ব্যানারে লেখা ছিল- ‘সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার সুষ্ঠু বিচার না হলে, নিভে যাবে সারাদেশের নার্সিং সেবা’। আরো লেখা ছিলো- ‘হামলাকারি ইন্টার্ন চিকিৎসকদের বিচার চাই, বিচার চাই’।
এ ব্যাপারে ঢামেক ডিপলোমা নার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, নার্সদের এ বিক্ষোভকে সমর্থন করি, কেন না সারাদেশেই ইন্টর্ন চিকিৎসকরা গত কয়েক মাসে বেশ অবাধ্য আচরণ দেখিয়েছে। এর আগে তারা রোগী, রোগীর আত্মিয়, সাংবাদিক পিটিয়েছে। এবার সিলেটে ইন্টার্ন নার্সদের হামলা করলো। এ সব দোষী ইন্টার্ন চিকিৎসকের সনদপত্র বাতিল করা হোক।
মিছিলে নেতৃত্বদানকারী নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হাসান বলেন, আমরা মিছিল নিয়ে দোয়েল চত্ত্বর ও শাহাবাগ ঘুরে আবার ঢামেক বহিঃবিভাগের সামনে অবস্থান নিবো। এরপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
এদিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ব্রাদারকে (পুরুষ নার্স বা সেবক) ইন্টার্ন চিকিৎসকদের মারধরের প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে নার্সিং ইনস্টিটিউট।
নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল শিল্পী রানী দাস সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে।