জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার টোকিও পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা একটায় অবতরণ করে।
এ সময় শেখ হাসিনাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা করে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা তার সফরের পুরো সময় টোকিওর মিনাটোয় অবস্থিত এ প্রাসাদের রাষ্ট্রীয় অতিথিশালা মটোআকাসাকায় অবস্থান করবেন।
শেখ হাসিনাকে আকাসাকা প্রাসাদে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান শিজেউকি হিরোকি।
হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাসাকা প্রাসাদে যাওয়ার পথে বিমানবন্দর সড়কের উভয়পাশে দুই দেশের জাতীয় পতাকা, ফেস্টুন ও ক্ষুদ্র পতাকা দিয়ে সাজিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত এবং ঢাকা-টোকিওর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে শুভ কামনা জানানো হয়।
গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই শেখ হাসিনার প্রথম সরকারি সফর। টোকিও যাওয়ার পথে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় ঘণ্টা যাত্রাবিরতি করেন। (সূত্র : বাসস)