বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি-এ কথা উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, এ কারণে এখনো সবদলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে।
রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাট্রেজিক স্টাডিজে দুই দেশের সম্পর্ক বিষয়ক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জোরদারের পাশাপাশি চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের ওপর মজিনা জোর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সঙ্গে বিপুল বাণিজ্যের সম্ভাবনা কথা তুলে ধরেন ড্যান মজিনা।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বমূলক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে সুদৃঢ়।
এ সময় চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের ওপরও জোর দিয়ে মজিনা বলেন, এতে বাংলাদেশও লাভবান হবে।
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধীকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, জিএসপির চেয়ে বাংলাদেশের পোশাক শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মপরিবেশের উন্নয়নকেই বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি আরো বলেন, বঙ্গপোসাগরের নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। তবে এ কাজে চীন কিংবা জাপান যুক্ত হলেও তাদের অমত নেই।