পটুয়াখালী সড়ক ও জনপদের বেইলী ব্রিজের মালামাল নিলামে তোলা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে নিলামের মাধ্যমে কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিচারপতি এবিএম আলতাফ হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল ও আদেশ দেন।
পটুয়াখালী সড়ক ও জনপদের বেইলী ব্রিজের কোটি কোটি টাকার মালামাল মাত্র সাড়ে ৫ লাখ টাকায় নিলামের মাধ্যমে যে তিনটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে তাদের কোনো অস্তিত্বই নেই।
এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সওজের প্রধান প্রকৌশলী এবং বরিশাল বিভাগের সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সংশ্লিষ্টদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তের অগ্রতির প্রতিবেদন ১৬ জুনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।