রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বৈদেশিক অনুদান গ্রহণে নিষেধাজ্ঞার বিধান রেখে বৈদেশিক অনুদান রেগুলেশন আইন ২০১৪-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি অনুদান নিয়ে জঙ্গী কার্যক্রম, নারী শিশু পাচারসহ যেকোনো অপরাধ কর্মকাণ্ডে তা ব্যবহার করলে প্রচলিত আইনে সেসব এনজিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে খসড়া আইনে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ খসড়ায় অনুমোদন দেয়া হয়।
সরকারের হিসেবে দেশে এনজিওর সংখ্যা ২৩ হাজার ৩০৩টি। এর মধ্যে বিদেশি এনজিও ২৩০টি। এনজিওগুলো এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা দেশি-বিদেশি অনুদান গ্রহন করেছে। এ সংস্থাগুলো নিয়ন্ত্রনে আনতে ১৯৯১ সালে এনজিও ব্যুরো প্রতিষ্ঠা করা হলেও এদের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ওঠায় আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি খসড়া তৈরি করা হয়।
নতুন আইনে এনজিও ব্যুরোর নিবন্ধন ছাড়া কেউ এ ধরনের সংস্থা খুলতে পারবে না, অনুদান নিতে হলে প্রকল্প ও কী কাজে অর্থ ব্যয় হবে তার বিস্তারিত তুলে ধরতে হবে। আর কোনো রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সরকারি-আধাসরকারি কর্মকর্তারা এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা বৈদেশিক কোনও অনুদান নিতে পারবেনা।
এ আইন অমান্য করলে জরিমানাসহ শাস্তির বিধান রয়েছে। এছাড়া বীমা সেবা বাড়ানো, বীমা খাতকে সচল ও বাণিজ্যিক করতে জাতীয় বীমা নীতির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
এরপরই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের প্রশাসনিক পূর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে ২টি নতুন উপজেলা, দুটি পৌরসভা ও একটি থানার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে খাগড়াছড়িতে গুইমারা উপজেলা, সিলেটের ওসমানী নগর এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ ও চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার নজিরহাটকে পৌরসভা অনুমোদন দিয়েছে।