নতুন ৪টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়ে এ চারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, মোট প্রকল্প বরাদ্দে সরকারি অর্থায়ন ২২২ কোটি ৬৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ১৭১ কোটি টাকা ৭৭ লাখ টাকা। ৪টি প্রকল্পের মধ্যে, সিডরে ক্ষতিগ্রস্ত দেশের উপকূলবর্তী ১৩টি জেলার মানুষের জীবন-মান উন্নয়নে নেয়া প্রকল্পের সংশোধিত ব্যায় ধরা হয়েছে ৩ হাজার ১০৫ কোটি ৩২ লাখ টাকা।
এছাড়া, বাংলাদেশ ইকোনমিক জোন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট ফেজ-১, মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্প, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয় বলেও জানান তিনি।