আগামী ৬ জুন ৫ দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন বিশিষ্ট সুড়ঙ্গ নির্মাণ, পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর চীন সফরের সময়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।
বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংকট চলতেই পারে তবে তার সুরাহাও রয়েছে।
প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক-অর্থনৈতিক-কৌশলগত বেশ কিছু বিষয়ে আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূতে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে।