যারা উর্দি পরে বাজেট দিয়েছে যারা, তাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বাজেট নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ও দলের পক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। বঙ্গবন্ধুর পেশ করা ছয় দফার আন্দোলন চলাকালে ১৯৬৬'র এ দিনে পকিস্তানের সামরিক জান্তার গুলিতে শহীদ হন ৪১ জন মুক্তিকামী বাঙালি। উত্তাল হয়ে উঠে সারা বাংলা। ছয় দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ।
দিনটি উপলক্ষ্যে শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এসময় দলের নেতাকর্মীরা প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
একে একে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতারাও।
সৈয়দ আশরাফ বলেন, এবারের বাজট জনবান্ধব। বাজেট নিয়ে বিএনপি সমালোচনা করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইস্কাটনে ব্যবসায়ী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে উদ্বোধনকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমেই বিএনপির সমালোচনার জবাব দেওয়া হবে।