দাবি পূরণের আশ্বাস পেয়ে আগামী ২৪ আগষ্ট পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছে সিএনজি স্টেশন মালিকরা। শনিবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করা করেন সিএনজি স্টেশন মালিকদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন।
নয়ন বলেন, শনিবার জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ দাবি পূরণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তিনি ১৪ আগস্ট পর্যন্ত সময় চেয়েছেন। আর তাই আরো ১০ দিন সময় বাড়িয়ে ২৪ আগস্ট পর্যন্ত ধর্মঘট মুলতবি করা হয়েছে।
কমিশন বাড়ানোসহ ৭ দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছিলেন তারা।
গত ২৪ মে সংবাদ সম্মেলন করে তারা এ কর্মসূচি দিয়েছিলেন।
তাদের দাবিগুলো হল: বর্ধিত বিদ্যুৎমূল্য ও সিএনজি মালিকদের মার্জিন সমন্বয় করা, মালিকদের মার্জিন বৃদ্ধি করা, ফিড গ্যাসের বর্ধিত মূল্য নিরাপত্তা চেক জামানত রাখা, স্টেশন থেকে গ্যাস রেশনিং প্রথা প্রত্যাহার করা, প্রতিশ্রুত ৫৮টি স্টেশনে গ্যাস সংযোগ দেয়া, সিএনজি স্টেশনে ইটিসি মিটার স্থাপন করা এবং সিএনজি খাত সংক্রান্ত সরকারি সব সিদ্ধান্তের সময় তাদের মতামত নেয়া।
দাবি পূরণ না হলে আগামী ২৫ অগাস্ট থেকে তাদের ধর্মঘট শুরু হবে বলে জানান নয়ন।