বাংলাদেশে কারাবন্দি উলফা নেতা অনুপ চেটিয়ার নিজ দেশে ফেরত যাওয়ার আবেদন এখনো প্রক্রিয়াধীন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবসনের আবেদন করলে তার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে।
গত বছরের জুন মাসে ভারতে ফেরার আবেদন জানান অনুপ চেটিয়া। এরপর সরকারের পক্ষ থেকে বিভিন্ন বার জানানো হয় তাকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত ২০১১ সালের ৩ অগাস্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, অনুপ চেটিয়াকে ফেরত পাঠানো হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসা মহীউদ্দীন খান আলমগীর ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর বলেন, উলফার এ নেতাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার প্রায় দুই বছর পর এখন সরকারের পক্ষ থেকে জানানো হলো বিষয়টি এখনো ‘প্রক্রিয়াধীন’।
ভারতীয় নাগরিক অনুপ চেটিয়া বিভিন্ন অভিযোগের সাজা ভোগ করার পর বর্তমানে বাংলাদেশের রাজশাহী কারাগারে আটক রয়েছেন। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-উলফার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, বিদেশি মুদ্রা রাখা এবং স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলায় অনুপ চেটিয়াকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের কারাদণ্ড দেয় আদালত। সেই সাজার মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি।
এরইমধ্যে ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে তিন দফা আবেদন করেন অনুপ চেটিয়া। শরণার্থীর মর্যাদা পাওয়ার জন্য ২০০৮ সালে জাতিসংঘেও চিঠি লেখেন তিনি।
ভারত সরকার শুরু থেকেই চেটিয়াকে ফেরত চাইলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকার কথা বলা হচ্ছিল।
দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ে ‘বহিঃসমর্পণ চুক্তি’ সই হওয়ার পর চেটিয়াকেও হস্তান্তরের আইনি পথ তৈরি হয়।