চীনে ছয় দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে দুপুরে ঢাকা পৌছান প্রধানমন্ত্রী। চীনে প্রধানমন্ত্রীর এ সফরকে শতভাগ সফল বলে দাবি করেছেন তার জন প্রশাসন বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, বর্তমান সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে।
টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের পর এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতারা।
চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে চীন। অর্থনৈতিক ক্ষেত্রে এবারের চীন সফর থেকে বাংলাদেশ লাভবান হয়েছে।
চীন সফরের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলেও জানান এইচটি ইমাম।