ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নতুন কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
এছাড়া ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ইরাকে ২০/২৫ হাজার বাংলাদেশি আছেন। আমরা তাদের খোঁজখবর রাখছি। তাদের মধ্যে কেউ যদি দেশে ফিরে আসতে চান, তাহলে তাকে সরকারি খরচে ফিরিয়ে আনা হবে।
ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সর্তকাবস্থায় থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপনারা সর্তক অবস্থায় থাকবেন।
বায়রার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কোনো অনিয়ম-প্রতারণার আশ্রয় নেয়া যাবে না। সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
বাংলাদেশিরা যাতে নির্বিঘ্নে ও স্বল্প খরচে বিদেশে যেতে পারে সেদিকে নজর দিতে জনশক্তি রপ্তানিককারকদের আহ্বান জানান মন্ত্রী।
বায়রার সভাপতি আবুল বাশার বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে জনশক্তি রপ্তানিকারকদের লাইসেন্স নবায়ন, এ খাতের ব্যবসা, ২০১৩ সালের অভিবাসী আইনসহ নানা বিষয়ে আমরা দীর্ঘ আলাপ করেছি। আমরা এ খাতে প্রতারণা বন্ধ ও অভিবাসন খরচ কমানোর প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছি।