ফরমালিন যুক্ত ফলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের চলমান অভিযানের নামে হয়রানি বন্ধ না হলে আগামী সোমবার থেকে ফল আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী সমিতি।
শুক্রবার সকালে রাজধানীর বাদামতলীতে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজি ধ্বংস করছে। একের পর এক অভিযানে ফল ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসছেন। এ অবস্থায় তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
অভিযানে প্রথমিক পরীক্ষায় ফরমালিনের উপস্থিতির বিষয়ে সন্দেহ হলেই ফল নষ্ট করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। ফরমালিনের উপস্থিতি পাওয়া গেলে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে— মন্তব্য করেন তিনি।
এ দিকে একই সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তারা বৃহস্পতিবার থেকে সব ফলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এ ছাড়া শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীতে পাইকারী ফলের দোকান বন্ধের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।
গত ১১ জুন ফরমালিন মেশানো ফল বিক্রি ঠেকাতে রাজধানীর আটটি প্রবেশপথে তল্লাশি চৌকি বসায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিবহণে আসা বেশিরভাগ ফলে ফরমালিনের উপস্থিতি ধরা পড়ায় পুলিশ কয়েক হাজার মণ ফল ধ্বংস করেছে। পুলিশের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন ব্যবসায়ীকে জেল-জরিমানাও করেন। ফরমালিন মেশানো ঠেকাতে পুলিশের তল্লাশি চৌকি তত্পর রয়েছে। তাছাড়া ফরমালিনমুক্ত ফল বিক্রি ঠেকাতে রাজধানীতে একাধিক ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে।