ইরাক পরিস্থিতিতে বিপদে পড়া বাংলাদেশিরা সীমান্ত পাড়ি দিয়ে ইরানে আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ‘মাইগ্রেশন ক্রাইসিস অবজারভেশন কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় প্রবাসি বাংলাদেশিদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ইরানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে বিপদে পড়লে বাংলাদেশিরা সেখানে আশ্রয় নিতে পারেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলেই লিবিয়ার মতো ইরাক থেকেও আমরা বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনব।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন বলেন, বাগদাদ, নাজাফসহ মূল শহরগুলোতে কোনো সমস্যা নেই। মসুল ও তিরকিতে পরিস্থিতি খারাপ। তবে ইরাকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। বাংলাদেশিরা কারও লক্ষ্য নয়। কাজেই বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবুও আমরা ইরানের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি খারাপ হলে বাংলাদেশিরা সীমান্ত পাড়ি দিয়ে সেখানে যেতে পারবেন। এরপর প্রয়োজন হলে আমরা সেখান থেকে তাদের ফিরিয়ে আনব।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা একসঙ্গে বৈঠকে করেছেন।