প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় সঙ্গীত গেয়ে বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে চেতনা সমুন্নত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ।
সংগ্রাম, আন্দোলনে আওয়ামী লীগের দীর্ঘ ৬৫ বছরের অর্জনের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন আশরাফ আরো বলেন, দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।