ভারত-বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে আগামী ২ জুলাই রায় দেবে নেদারল্যান্ডসে অবস্থিত সমুদ্রসীমা সংক্রান্ত আন্তর্জাতিক সালিশ আদালত।
গত বছরের ডিসেম্বরে হেগের স্থায়ী বিরোধী নিষ্পত্তি আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনে দুই পক্ষের যুক্তিতর্ক উত্থাপন শেষে তা রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধের প্রধান বিষয় হলো দুই দেশের জলসীমা শুরুর স্থান নির্ধারণ।
এছাড়া, ভূমিরেখার মূলবিন্দু থেকে সমুদ্রে রেখা টানার পদ্ধতি নিয়েও মতবিরোধ রয়েছে। সমুদ্রসীমা বিরোধের ক্ষেত্রে ভারত সমদূরত্বের ভিত্তিতে রেখা টানার পক্ষে মত দিলেও বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে রেখা টানার পক্ষে।
বাংলাদেশের যুক্তি অনুযায়ী বঙ্গোপসাগর ও ভূমির মূলবিন্দু থেকে সমুদ্রের দিকে ১৮০ ডিগ্রির সোজা রেখা যাবে। এদিকে, ভারত বলছে, সমুদ্রতট বিবেচনায় এ রেখা হবে ১৬২ ডিগ্রি।