প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে মোদির বিশেষ এ আমন্ত্রণপত্র তুলে দেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সকাল সাড়ে ১২টার দিকে তার কার্যালয়ে যান সুষমা স্বরাজ।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।
এর আগে বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। সকাল পৌনে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হওয়া বৈঠক শেষ হয় সকাল ১১টায়।
বৈঠক সূত্র জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে যাবেন বঙ্গভবনে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সোনারগাঁও হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ এবং বিভিন্ন ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন ও হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করবেন।
সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন জখফ রয়েছে, পরে রূপসী বাংলা হোটেলে 'বাংলাদেশ-ভারত সহযোগিতা' শীর্ষক সেমিনারেও তিনি বক্তব্য দেবেন।
রাতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন। শুক্রবার সকালে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাবেন। বেলা সাড়ে ১১টায় তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
ঢাকায় সুষমা স্বরাজের সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্র সচিব সুজাতা সিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিভাগের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন ছাড়াও মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
তিন দিনের রাষ্ট্রীয় গতকাল বুধবার রাতে ঢাকায় আসেন সুষমা স্বরাজ।